শিরোনাম

South east bank ad

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন   |   মন্ত্রী

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: প্রতিমন্ত্রী
খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে অত্যন্ত জরুরি। নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৮ অক্টোবর)  রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ফাস্টফুড খাওয়ার সময় সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণ এবং নিয়মিত খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার পানির সরবরাহ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে আসে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ডা. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মাস। তাঁরা নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার শপথ পাঠ করানো হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সরকার কোনো হস্তক্ষেপ করবে না; বরং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

BBS cable ad