সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে মানববন্ধন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি এবং শাকিলের মামলাটি নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানান।
বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু।
বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


