South east bank ad

মুকসুদপুর থানায় আগুনের ঘটনায় গ্রেপ্তার অতিরিক্ত এসপি

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন   |   পুলিশ

মুকসুদপুর থানায় আগুনের ঘটনায় গ্রেপ্তার অতিরিক্ত এসপি
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৪ নম্বর কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওই কার্যালয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া থানা প্রাঙ্গণে থাকা কয়েকটি গাড়িও পুড়ে যায়।

এ ঘটনায় তদন্তের একপর্যায়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে আবুল হাসানের নাম আলোচনায় আসে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের বিষয়টিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

এদিকে, আবুল হাসানের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, বাসায় অভিযান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন। তার দাবি, আবুল হাসান দায়িত্ব পালনকালে রাজনৈতিক বিরোধীদের দমনে ভূমিকা রেখেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: