৩০০ ফিটে ডাকাতির খবর গুজব: ডিএমপি
রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপি জানায়, সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই।
ডিএমপি বলছে, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।
পাশাপাশি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধও জানিয়েছে সংস্থাটি।


