শিরোনাম

South east bank ad

রিমনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন   |   দুদক

রিমনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ হাজার ৩৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে রিমনের নামে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকা এবং অস্থাবর সম্পদ ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকা। দায়দেনা বাদে তার নিট সম্পদের পরিমাণ ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।

তদন্তে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ১৬ কোটি ৮২ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা। পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় বাদে নিট আয় বা সঞ্চয় দাঁড়ায় ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা। এ হিসাবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

এ ছাড়া ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চারটি হিসাবে ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। নগদে অর্থ জমা এবং ক্যাশ চেকের মাধ্যমে উত্তোলনের কারণে এসব অর্থের প্রকৃত উৎস ও ব্যয়ের খাত নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের সময়ও এসব লেনদেনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি রিমন।

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে (বরগুনা) মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সুবিমল চাকমা বাদী হয়ে মামলাটি করেন। পরে তিনি ও উপসহকারী পরিচালক খালিদ হোসাইন মামলাটি তদন্ত করেন।

তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় রিমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
BBS cable ad