শিরোনাম

South east bank ad

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন   |   দুদক

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে যাত্রা শুরু করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২১ নভেম্বর। ২০০৪ সালের এই দিনে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু করে সংস্থাটি। প্রতিষ্ঠার ২২ বছর পূর্ণ করে ২৩তম বছরে পদার্পণ করল প্রতিষ্ঠানটি।

দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সমাজে সততা ও উত্তম চর্চার বিকাশে কাজ করছে দুদক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন কমিশন আইনে একাধিক সংশোধনী আনে। এর মাধ্যমে কমিশনের ক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়ানো হয়। সরাসরি আদালতে মামলা দায়েরের ক্ষমতা, দুর্নীতির সংজ্ঞা সম্প্রসারণ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তী সময়ে তদন্ত, মামলা পরিচালনা ও দুর্নীতির অর্থ-সম্পদ উদ্ধারের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে দুদক।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান। এরপর দায়িত্ব পালন করেন হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মোহাম্মদ আবদুল মোমেন। সর্বশেষ কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তাঁর সঙ্গে রয়েছেন দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া। নতুন কমিশনটি দায়িত্ব নিয়েছে প্রায় তিন মাস আগে।

তবে এ পর্যন্ত সাতটি কমিশনের মধ্যে মাত্র তিনটি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বাকি চারটি কমিশন মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়তে বাধ্য হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি। তবে আগামীকাল ২২ নভেম্বর কমিশনের অভ্যন্তরীণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, সরকারি বিভিন্ন সেবা ও পরিষেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার সুরক্ষায় দুদক নিরলসভাবে কাজ করছে। এ বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কমিশনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
BBS cable ad