শিরোনাম

South east bank ad

রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ববি হাজ্জাজ

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ববি হাজ্জাজ
রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশনা দেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনায় প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারি উদ্যোগে তাদের সহায়তার আশ্বাস দেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পাশাপাশি তাঁর দপ্তরকে বিষয়টি জানিয়ে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সহায়তার ব্যবস্থা নিতে বলেন।

ববি হাজ্জাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার আওতায় আনতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে বাঁশের কাঠামোর ওপর টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার তালিকা প্রস্তুত করতে বলেন। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার তথ্যও সংগ্রহ করতে হবে।

এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

তিনি আরও বলেন, সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: