সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে সরকার ৩৬ হাজার ৭১৭ কোটি ৭০ লাখ টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন আসতে পারে বলে জানান অর্থমন্ত্রী। বিশেষ করে সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগেই অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণের ওপর ঋণ পরিশোধের চূড়ান্ত হিসাব নির্ভর করবে।
বৈদেশিক ঋণের বোঝা সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্প গ্রহণে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। বিদেশি ঋণে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রতিটি প্রকল্প ও ঋণ প্রস্তাব বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্পে নতুন করে ঋণ নিতে না হয়।
অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণে নেওয়া প্রকল্পগুলো দেশের অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি কঠিন শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


