South east bank ad

পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন   |   অন্যান্য

পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ
অবশেষে দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড (সমন্বিত) হয় কেন্দ্রটি।

এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির ট্রায়াল রান শুরু হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়ার পর বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়।

এর আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের কার্যক্রম এগিয়ে যাবে।

জানা গেছে, রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় কেন্দ্রটি। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কার্যত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুই ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: