৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আয়বৈষম্য কমানো, সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ। এ অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে হবে। এতে আয়ের সুষম বণ্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য কমবে।
ঋণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এ ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি বলেও জানান তিনি।
শিল্পমন্ত্রী আরও বলেন, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপীয় ও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় ঋণ সহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কর্মসংস্থানমুখী ও বৈষম্যহীন দেশ গড়তে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পসচিব আব্দুন নাসের খান। এ ছাড়া বিসিক পরিচালক (অর্থ) কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার বক্তব্য দেন।


