এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে
এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।
মন্ত্রী বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তা মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে সরকার আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করতে কাজ করছে।
তিনি আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা ও সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।
এ সময় প্রকল্প বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে এস্তোনিয়া আগ্রহী। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এসব খাতে রপ্তানি বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


