চার প্রকল্পে ব্যয় অনুমোদন ৩২৮৮ কোটি টাকা
ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণসহ চারটি উন্নয়ন প্রকল্পে মোট ৩ হাজার ২৮৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ধামরাইয়ে এনএসআইয়ের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় অনুমোদন করা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


