শিরোনাম

South east bank ad

শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন   |   মন্ত্রী

শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার। প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করে মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। এতে শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, সমন্বয় ও অর্থায়ন বৃদ্ধি, শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইনসহ প্রচলিত আইন সংস্কার, ইতিবাচক অভিভাবকত্ব কর্মসূচি চালু এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

এ ছাড়া শিশুদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা সেবা জোরদার, অনলাইন সহিংসতা মোকাবিলা, জরুরি অবস্থা ও ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ ও জবাবদিহি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চায় বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: