প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলোকে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার পূর্ণ বিকাশ ঘটে না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তবে খেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন।
প্রাথমিক শিক্ষা প্রশাসন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সংস্কার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


