অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তাদের বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।


