শিরোনাম

South east bank ad

৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী
আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন মন্ত্রণালয় ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবার, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এতে নতুন মামলার সংখ্যা কমার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপও কমবে।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, যোগ্য মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষামূলক প্রকল্পের সাফল্যকে স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে আইন মন্ত্রণালয়।

বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন দেশের বিচারিক ও আইনগত প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য দেন।

অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনে আইন মন্ত্রণালয় ও জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী এবং জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: