নড়াইলে দুই হত্যার জেরে বাড়িঘরে হামলা, সাম্প্রদায়িক গুজব ভিত্তিহীন
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপার জানান, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বের ধারণকৃত ও এআই দিয়ে তৈরি ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মিছিলে হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শহীন শেখ (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের ক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও অন্যান্য লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘরে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাম্প্রদায়িক হামলার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।


