শিরোনাম

South east bank ad

গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে আইনজীবীদের আপসহীন থাকতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া তুলে ধরেন।

জবাবে রাষ্ট্রপতি এসব বিষয় সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতার কথা স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাজীবন ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।

আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরা চাইলে অনেক কিছু পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে চোখ রাঙাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই প্রচেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

রাষ্ট্রপতি এর আরও খবর: