South east bank ad

কর্মমুখী শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

কর্মমুখী শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও কর্মোপযোগী মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। একই সঙ্গে বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মসংস্থানের উপযোগী নয়—এমন শিক্ষাব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

রবিবার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, শিক্ষার মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তারা জানান, উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি গবেষণার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে।

তারা আরও জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি, অর্থনীতি ও কর্মসংস্থানের ধরনে দ্রুত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। বৈশ্বিক র‍্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি যুগোপযোগী করতে হবে।

রাষ্ট্রপতি মনে করেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করা, যারা দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতা সংস্থাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি তাদের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
BBS cable ad

রাষ্ট্রপতি এর আরও খবর: