South east bank ad

টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম ও অস্ত্রসহ আটক ২

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন   |   বিজিবি

টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম ও অস্ত্রসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান (১৯) ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার ইব্রাহিম (১৮)।

বিজিবি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফের বটতলী থেকে আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহন করা হবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন দুটি ইজিবাইক থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চালকেরা জানান, বহন করা মালামালগুলোর মালিক সামনের মোটরসাইকেলের আরোহীরা। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। পরে তারা মোটরসাইকেল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে ইজিবাইক দুটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকানো বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, বিভিন্ন ধরনের আরও বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, আট কয়েল বৈদ্যুতিক তার, তিন কেজি পেরেক, ৫৪টি দিয়াশলাই বাক্স, ২৪টি স্কচটেপ ও একটি টুল বক্স। এ ছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল অব্যাহত থাকবে।
BBS cable ad