মহেশখালীতে অস্ত্রসহ দুই ডাকাত আটক
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত ১০টার দিকে মহেশখালী থানার কুতুবজোম সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা। এ সময় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করা একটি দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ডাকাত ও জলদস্যু দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


