শিরোনাম

South east bank ad

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন   |   দুদক

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, বাশারের ১১টি ব্যাংক হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে। সরকারি দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাশার তার নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ হস্তান্তর করা হলে অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা আদালতে এ আবেদন করেন।
BBS cable ad