কাঁঠালবাগানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে এ ঘটনায় মারা যান শামসুন্নাহারের মেয়ে সানজিদা ইসলাম (২০), সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) এবং তাঁর এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ।
এ ঘটনায় ইফতি সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২) ছয় শতাংশ দগ্ধ হয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে। এতে একই ফ্ল্যাটে বসবাসকারী দুই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক, তাঁর স্ত্রী ইফতি সাবা ও এক বছর বয়সী ছেলে মাহাদ। অন্যদিকে পাশের কক্ষে সাবলেট ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তাঁর মা শামসুন্নাহার বেগম দগ্ধ হন।
মানিকের ভাষ্য অনুযায়ী, সকালে তাঁর স্ত্রী সন্তানকে কোলে নিয়ে রান্না করছিলেন। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। তাঁদের বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হলেও সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল। রাতে গ্যাসের চুলা চালু থাকা বা লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে থাকতে পারে বলে তাঁর ধারণা। সকালে আগুন জ্বালাতেই সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।


