বকশিবাজারে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
রাজধানীর বকশিবাজার ক্রসিং এলাকা থেকে ছয় বোতল বিদেশি মদসহ মো. ফয়সাল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফুলবাড়িয়া ট্রাফিক জোন। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বকশিবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলসহ ফয়সালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


