শিরোনাম

South east bank ad

লালবাগ তহশিল অফিস :নথির ওপর কড়াই-পাটা পাশেই জ্বলে চুলা

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন   |   অন্যান্য

লালবাগ তহশিল অফিস :নথির ওপর কড়াই-পাটা পাশেই জ্বলে চুলা

একপাশে স্তূপ করে রাখা মানুষের জমির মালিকানার গুরুত্বপূর্ণ দলিল, খতিয়ান ও নামজারির নথি। অন্য পাশে জ্বলছে গ্যাসের চুলা। সেই নথির ওপরই রাখা হচ্ছে ডিমভুনার কড়াই, বঁটি, মসলা, পানি ও পাটা-পুতাসহ রান্নার সরঞ্জাম। অনেক কাগজে লেগে আছে তরকারির দাগ। সরকারি নথি সংরক্ষণের কক্ষটিই পরিণত হয়েছে রান্নাঘরে। সেখানে প্রতিদিন রান্না হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের খাবার। অথচ সামান্য অসতর্কতা কিংবা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটলেই পুড়ে যেতে পারে বছরের পর বছর ধরে সংরক্ষিত সরকারি নথি। ঝুঁকিতে পড়তে পারেন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারাও। রাজধানীর পুরান ঢাকার আজিমপুরে লালবাগ তহশিল অফিসে চলছে এমন কাণ্ড।
 

সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, লালবাগ তহশিল অফিসের চারটি কক্ষের একটিতে লোহার রেক ও মেঝেতে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন শাখার ১-২ যুগের পুরোনো খতিয়ান, নামজারি ও ভূমিসংক্রান্ত জরুরি নথিপত্র। তহশিল অফিসটির একপাশে লালবাগ ভূমি অফিস, অন্য পাশে শিবপুর ভূমি অফিস। শিবপুর ভূমি অফিস কক্ষের ডান পাশের কক্ষেই গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে রান্না করছেন নাসিমা নামে এক নারী। সেখানে রাখা নথিপত্রে লেগে আছে তরকারি ও মসলার দাগ।

পুরোনো ও জরাজীর্ণ ভবনের এ কক্ষে নথিপত্রের পাশেই চলছে রান্নাবান্না; অথচ অগ্নিনিরাপত্তা কিংবা নথি সুরক্ষার ব্যবস্থা নেই। ফলে সামান্য অসতর্কতা বা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটলে পুড়ে যেতে পারে সংরক্ষিত সরকারি নথিপত্র। এতে জমির মালিকানা ও নামজারিসহ ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ ক্ষতির শিকার হতে পারেন। প্রশ্ন উঠেছে, সরকারি নথির কক্ষে রান্নার সুযোগ দিলেন কারা, আর নথিপত্র পুড়ে গেলে দায় নেবে কে?
 
জানা গেছে, নাসিমা প্রায় ১০ বছর ধরে ওই অফিসে বুয়া হিসাবে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের খাবার তৈরি ও অন্যান্য কাজের বিনিময়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পান তিনি। সকালে নাস্তা ও দুপুরে খাবার তৈরি করেন।

একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমিসংক্রান্ত কাজে এসে প্রায়ই তারা অফিসের ভেতরে রান্না করতে দেখেন। এতে কক্ষ ধোঁয়ায় ভরে যায়। রান্নার কাজে নিয়োজিত নাসিমা বলেন, ‘আমি অল্প কয়েকদিন ধরে রান্না করছি। স্যাররা বলেছেন তাই শুধু দুপুরে রান্না করি। এসব কাগজপত্র কতটা গুরুত্বপূর্ণ তা জানি না। জায়গার স্বল্পতার কারণে রান্নার জিনিসপত্র ও সরঞ্জাম কাগজপত্রের ওপর রাখতে হয়েছে।’
 
লালবাগ ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহব্বত হোসেন বলেন, ‘আমি তিন বছর ধরে কর্মরত। তিন-চার মাস আগে ওই কক্ষে নথিপত্র আনা হয়েছে। রান্নাবান্না চলছে আগে থেকেই।’ নথিপত্রের ওপর রান্নার সরঞ্জাম রাখা ও পাশে গ্যাস সিলিন্ডার জ্বালানো ভুল হয়েছে বলে স্বীকার করেন ওই কর্মকর্তা। কাগজপত্র সরানো না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক রান্না বন্ধের ঘোষণা দেন তিনি। নাসিমার দাবি, তিনিই (মহব্বত হোসেন) রান্না করতে বলেছেন।

এ বিষয়ে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জানি না। খোঁজ নিয়ে জানাব।’ মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।
BBS cable ad