ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
সংগঠনটির আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানি এবং আওয়ামী লীগ সরকারের পতন ও দেশত্যাগের পরও দলটির নেতাকর্মীদের মধ্যে অনুশোচনার অভাব দুঃখজনক। নিজেদের সংশোধনের পরিবর্তে তারা বিশ্বের বিভিন্ন দেশে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
জেজেইউ নেতারা বলেন, জাতির সংকটময় মুহূর্তে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের সঙ্গে দেশের বাইরে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ঘটনায় সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলে গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলোর বিচার অবিলম্বে শুরু করার দাবি জানান জেজেইউ নেতারা।


