South east bank ad

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন   |   বিজিবি

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

 

ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান।

ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবির সদর দফতরের নির্দেশে দিনাজপুর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বর মাস সামনে রেখে ২৯ বিজিবির আওতাধীন সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। দিনে বা রাতে এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।

অন্যদিকে অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির সঙ্গে সাহাপাড়া ও কামাড়পাড়া এলাকার বাসিন্দারাও রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।
BBS cable ad