শিরোনাম

South east bank ad

অবৈধ পথে বিদেশ যাওয়া ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

অবৈধ পথে বিদেশ যাওয়া ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক পাঠাবে না। বিশ্বের দেশগুলোকে দেখাতে হবে, বাংলাদেশও বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে সতর্ক করে আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ পথে বিদেশ গমন ও অর্থ পাঠানোর কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিদেশে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে, যাতে কয়েকজনের অপকর্মের কারণে পুরো দেশের সুনাম নষ্ট না হয়।

প্রতারকদের উদ্দেশে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে থেকে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় আনা হবে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সৎ ও স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে ব্যক্তিগত স্বার্থ হাসিলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad