শিরোনাম

South east bank ad

প্রবাসীদের বিনিয়োগে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রীর

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রবাসীদের বিনিয়োগে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রীর
দুবাইয়ে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীদের মেধা, শ্রম ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। পাশাপাশি বিদেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তারা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

তিনি বলেন, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সরকারি সেবা সহজ করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা পাবেন।

সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু বাড়িঘর নির্মাণ নয়, শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার এবং বিদেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের বিদেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: