কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
শনিবার (২০ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, কথার চেয়ে কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আজ রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যেই উপকারভোগীদের সরকারি দপ্তরে ঘুরতে না হয়ে সরাসরি তাদের কাছে চেক পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যারা এসব কর্মকাণ্ডে জড়িত কিংবা তাদের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে আয়োজিত একটি বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


