শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষায় কোনো প্রকল্প বাস্তবায়ন বা অবকাঠামো নির্মাণের মধ্যেই সাফল্য সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে এবং তাদের শেখার ফলে কতটা পরিবর্তন এসেছে, সেটিই প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার(১৯ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আয়োজনে ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার অবকাঠামো, প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পভিত্তিক উন্নয়ন হয়েছে। এসব উদ্যোগ প্রয়োজনীয় হলেও শিক্ষার্থীর শেখার ফলাফলকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সাজাতে হবে। ভবন নির্মাণ এবং শিক্ষার্থীর শেখার বিষয়টি এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষক সংকট মোকাবিলার পাশাপাশি শিক্ষক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষক নিয়োগ, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন, প্রশিক্ষণ ও উন্নয়নকে সমন্বিত কাঠামোর আওতায় আনার কাজ চলছে।
প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখনসময় নিশ্চিত করার বিষয়েও নতুন করে ভাবা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কারিকুলাম প্রণয়নে শিশুমনোবিজ্ঞানী ও প্রারম্ভিক শিক্ষার বিশেষজ্ঞদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ দেশের যেকোনো প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।


