শিরোনাম

South east bank ad

দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার ও ইউজিসি

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রী

দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার ও ইউজিসি

শনিবার (২০ জুন) বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দক্ষতাভিত্তিক ও কর্মমুখী উচ্চশিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন গ্রাজুয়েট তৈরি করতে হবে, যারা উদ্ভাবনী চিন্তাশক্তি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান এবং দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে।

আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুটেক্স চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু সনদ প্রদান নয়, বরং শিক্ষার্থীদের কর্মজীবন, সামাজিক জীবন ও জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখার উপযোগী করে গড়ে তোলা। শিক্ষা কার্যক্রম এমন হতে হবে, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ ও সামাজিক প্রাসঙ্গিকতা অনুধাবন করতে পারে।

তিনি জানান, ইউজিসি এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও সমাজের বিভিন্ন অংশের মধ্যে আজীবন সহযোগিতা ও সংযোগ বজায় থাকবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে কর্মজীবন পর্যন্ত ধারাবাহিকভাবে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান সৃষ্টি, বিতরণ ও সংরক্ষণের পাশাপাশি দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের চাহিদা ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে পারলেই উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদই দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি সময়োপযোগী পাঠ্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা যেন কেবল দক্ষই না হয়, বরং উচ্চ নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হয়, তা নিশ্চিত করতে হবে। জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গঠনে দক্ষতা, নৈতিকতা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ই হবে আগামী দিনের প্রধান চালিকাশক্তি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দেন। এছাড়া দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪৮টি মৌখিক এবং ২০টি পোস্টার গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: