গ্রামীণ উন্নয়ন ছাড়া টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী
সোমবার (৬ জুলাই) গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে আধুনিক, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে দুর্নীতিকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়নকে জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে দেশের প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন এবং একটি র্যালির আয়োজন করা হয়।
এছাড়া জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা তাঁদের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সরকারের সহায়তায় কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তা উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।


