South east bank ad

সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধের আহ্বান শিল্পমন্ত্রীর

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধের আহ্বান শিল্পমন্ত্রীর
উৎপাদনশীলতা বাড়াতে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ওভারল্যাপিং বা একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এনপিও ও দৈনিক যুগান্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি: চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, এডিপির আওতায় নতুন প্রকল্প গ্রহণের আগে বিদ্যমান প্রকল্পের সঙ্গে উদ্দেশ্য ও কার্যক্রমের কোনো ধরনের ওভারল্যাপিং রয়েছে কি না, তা প্রযুক্তিনির্ভরভাবে যাচাই করা প্রয়োজন। নতুন প্রকল্প প্রস্তাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে যাচাই করা গেলে একই উদ্দেশ্যে অন্য মন্ত্রণালয় বা সংস্থায় প্রকল্প চলমান রয়েছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব হবে। এতে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়বে এবং অপচয় কমবে।

তিনি বলেন, উৎপাদনশীলতা শুধু শিল্পকারখানায় উৎপাদন বাড়ানোর বিষয় নয়; এটি একটি সংস্কৃতিতে পরিণত করতে হবে। কম শ্রম ও সম্পদ ব্যবহার করে অধিক ও উন্নতমানের উৎপাদন নিশ্চিত করাই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।

শিল্পমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় বাংলাদেশের শিল্প ও অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তির কার্যকর ব্যবহার, দক্ষ মানবসম্পদ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করতে হবে।

আলোচনায় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, এনপিওর মহাপরিচালক মোহা. নায়েব আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
BBS cable ad