বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বিমানখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, টিকিট সিন্ডিকেট দমন, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট প্রদানের উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি বলেন, সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। দেশ, মানুষ ও শিল্পোন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন, বৃক্ষরোপণ এবং চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন। একই সঙ্গে মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।


