সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে ই-রিকশায় জরিমানা, নিবন্ধনও নয়
ব্যাটারিচালিত ই-রিকশা ও অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করার শর্ত ভঙ্গ করলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না।
নিবন্ধনের পর একই ধরনের অনিয়ম হলে নিবন্ধন নবায়নও করা হবে না।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার বিধান রাখা হবে।
মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করলে নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়ন করা হবে না। এ ছাড়া সৌরবিদ্যুতের বাইরে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করলে জরিমানার বিধানও আইনে রাখা হচ্ছে।
তিনি জানান, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।


