নৌকা বাইচে ফিরবে সম্প্রীতি: এলজিআরডি মন্ত্রী
নরসিংদীর শিবপুরে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ‘নৌকা বাইচ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এজন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় ঐতিহ্যবাহী অনেক আনন্দ হারিয়ে গেছে। নৌকা বাইচের মতো আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে।
ড. আবদুল মঈন খান বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহি সভাপতিত্ব করেন। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।


