শিরোনাম

South east bank ad

নিরাপত্তা নির্দেশনা মানায় দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় প্রাণহানি হয়নি

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

নিরাপত্তা নির্দেশনা মানায় দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় প্রাণহানি হয়নি
শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বিপরীত পাশের র‍্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।

তবে ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বাসটির চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে।

উদ্ধার কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ফেরিঘাটে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ও চালকদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার আগে যাত্রী নামানো, নির্ধারিত পথ ব্যবহার এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: