সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: মন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ও এলাকার উন্নয়নে যারা কাজ করবেন, জনগণ তাদেরই সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে।
তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথা তুলে ধরেন।
পূজা উদযাপনকারীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এলাকার রাস্তাঘাট, সুপেয় পানি ও আবাসনসহ উন্নয়নমূলক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চান। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করেন তিনি।
বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী।
এতে বিটিসিএল ও অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


