শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ অগ্রাধিকার

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ অগ্রাধিকার
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই মাঠপর্যায়ের বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সমন্বিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

তিনি জানান, গত কয়েক মাসে তিন হাজারের বেশি অংশীজনের মতামত ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যা, অগ্রাধিকার ও সম্ভাব্য সমাধান সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়া গেছে।

ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল কনটেন্ট ও ব্যবহারিক শিখনে গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়োগ, প্রশিক্ষণ, পদায়ন ও মূল্যায়ন সমন্বিত করে শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা কার্যকর করা, ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল কনটেন্ট ও প্রযুক্তিনির্ভর মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষকদের কাজ সহজ করার পাশাপাশি শিক্ষার্থীদের শিখন উন্নত করতে হবে। জাতীয় সংলাপে উঠে আসা সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও উন্নয়ন সহযোগীদের কাছে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতা ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রথম অর্থবছরেই এ খাতে ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: