সমন্বিত অভিযানের মাধ্যমে ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি ধ্বংস করলো বিএফএসএ
২৮-০৭-২০২৬ তারিখ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে মিরপুর ১-এ অবস্থিত শাহ আলী কাঁচা বাজারে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েউক্ত অভিযানে উপস্থিত ছিলেন- কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অভিযানে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে যেসব অসঙ্গতি পরিলক্ষিত হয়, তা গৃহীত ব্যবস্থাসহ নিম্নে দেয়া হলো:
১। উক্ত অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি করতে দেখা যায়৷ এমন ৪০ কেজি চিংড়ি তাৎক্ষণাৎ জব্দ ও ধ্বংস করা হয়৷
২। একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়৷ পরে যথাযথ পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হবার পর তা জব্দ ও ধ্বংস করা হয়৷
৩। অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্য তালিকা পাওয়া যায়নি৷
৪। এছাড়াও মাছ ও মাংসের দোকানে লাল লাইটের ব্যবহার পরিলক্ষিত হয়, যা তাৎক্ষণিক অপসারণের ব্যবস্থা করা হয়৷
উপরিউক্ত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করতে বাজারের মালিক সমিতিকে নির্দেশনা প্রদান করা হয়। নির্ধারিত সময়ে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।
উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক জনাব বি. এম রুহুল আমিন রিমন নেতৃত্ব প্রদান করেন।
এছাড়াও অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুপম দাস অনুপ এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।


