শেষ ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন
সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত ঘটনায় এসব ওমরাহযাত্রী আটকে পড়েন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনে সার্বিক সমন্বয় করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানকালে দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। লাগেজ না পাওয়ায় বিপাকে পড়া যাত্রীদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন সহায়তাও দেওয়া হয়। দেশে ফেরার পর তাঁদের আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিজ গন্তব্যে পৌঁছাতে যানবাহনের ব্যবস্থা করা হয়।
ওমরাহ কাফেলার নেতা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে থাকাকালে ধর্মমন্ত্রী প্রতিনিয়ত তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন। দেশে ফেরার পরও প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় যাত্রীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।
এ ছাড়া সহায়তা দেওয়ার জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ওমরাহযাত্রীরা।
উল্লেখ্য, হুথি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাত সদস্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


