জাইমার জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে সাইকেল দিলেন প্রতিমন্ত্রী
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ।
রবিবার (২৫ অক্টোবর) সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
একই দিন শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্যমতে, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ২ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
চক্ষুচিকিৎসা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এবং নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে সেসব বিষয়ে তৎপরতা দেখা যায় না। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, শিবগঞ্জ ও মোকামতলার চোখের সমস্যায় ভোগা মানুষদের পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।


