South east bank ad

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল গোলাপি শোভাযাত্রা

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল গোলাপি শোভাযাত্রা
শুক্রবার (২৩ অক্টোবর) স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ২০২৬’। শুক্রবার সকালে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

গোলাপি রঙে সাজানো একটি বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ অভিযাত্রায় যুক্ত হয়েছেন। পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করা হচ্ছে।

শুক্রবার ঢাকা থেকে যাত্রা শুরু করে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কথা রয়েছে শোভাযাত্রাটির। পথে বিভিন্ন স্থানে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হবে।

পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরবে।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবিরও বক্তব্য দেন। তিনি স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে। আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে স্তন ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভীতি ও ভুল ধারণা দূর হওয়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে মানুষের আগ্রহ বাড়বে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: