South east bank ad

হাতিরঝিলে ২৮ নভেম্বর মিডিয়া রান

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

হাতিরঝিলে ২৮ নভেম্বর মিডিয়া রান
 শুক্রবার (২৩ অক্টোবর) ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘মিডিয়া রান ২০২৬’।

বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এতে অংশ নিতে আগ্রহীদের ৭.৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান—এই দুই ক্যাটাগরিতে নিবন্ধনের সুযোগ রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে দৌড় শুরু হবে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও বিদেশি অপেশাদার দৌড়বিদরাও এতে অংশ নেবেন। আয়োজনকে প্রাণবন্ত করতে থাকবেন ইনফ্লুয়েন্সার, অতিথি দৌড়বিদ, রেস মার্শাল ও পেশাদার পেসাররা।

মিডিয়া রান ২০২৬-এর সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনবিএ। টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপসাইড বাংলাদেশ, ক্লথিং পার্টনার জার্সি লোগো এবং ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ। এ ছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে মেভ অটোমোবাইলস ও আজম ওভারসীজ।

অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে দেশি-বিদেশি রুটের বিমানের টিকিট। দৌড় শেষে অংশগ্রহণকারীদের পদক নিয়ে সৃজনশীল ছবি তোলার প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমীন বলেন, আয়োজনটি শুধু দৌড়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তারা। বরং স্বাস্থ্য, ফিটনেস ও নির্মল বায়ুর গুরুত্ব তুলে ধরে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এটিকে উৎসবে রূপ দিতে চান।

আয়োজকদের আশা, সুস্থ জীবনযাপন ও নির্মল বায়ু সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে এ আয়োজন। ভবিষ্যতে এটি নিয়মিত আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

আগ্রহীরা [এই লিংকে](https://ultracamprunners.com/event/media-run-2026-2?utm_source=chatgpt.com) নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮৯৫-৬৩৫৫১৭ নম্বরে।

BBS cable ad