কুমিল্লার এসপিকে নিয়ে গুজব ছড়ানোয় গ্রেপ্তার ২
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে (এসপি) প্রত্যাহার সংক্রান্ত ভুয়া আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে একটি অনলাইন ব্লগসাইট এবং ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারকে প্রত্যাহার সংক্রান্ত একটি ভুয়া আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
পরে ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে কুমিল্লা জেলার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল’ শিরোনামে একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কুমিল্লা জেলা পুলিশসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হলে বিষয়টি তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
কুমিল্লা জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও আধুনিক অনুসন্ধান কৌশলের মাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ৩ জুন বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন পারভেজ (৩২) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পর্যালোচনায় গুজব ছড়ানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তাদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকার ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অন্যদের নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার, বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা, পুলিশের মনোবল ক্ষুণ্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ডিজিটাল অপপ্রচার চালানো হচ্ছিল।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
..

