পুলিশ সংস্কার নিয়ে আইজিপি-ইউএনডিপি বৈঠক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সোমবার (৮ জুন) পুলিশ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার। এ সময় তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকার প্রশংসা করেন।
তিনি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির আগ্রহকে স্বাগত জানান।
এ সময় তিনি বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


