শিরোনাম

South east bank ad

ওসির নাম ও ছবি ব্যবহার করে টাকা দাবির অভিযোগ

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন   |   পুলিশ

ওসির নাম ও ছবি ব্যবহার করে টাকা দাবির অভিযোগ

প্রতারক নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই প্রতারক মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতারক সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ রয়েছে এমন কথা বলে ভীতি সৃষ্টি করে। তাকে অভিযোগ থেকে নাম বাদ দেওয়া হবে এমন কথা বলে ওই প্রতারক মোটা অংকের টাকা দাবি করছেন।

মঙ্গলবার (২৩ জুন) সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম খান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী প্রতারক নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের নামে অভিযোগ রয়েছে বলে জানায়।
বিষয়টি মিটিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করলে নুরুল ইসলামের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক ফোন কেটে দেন। পরবর্তীতে নুরুল ইসলাম হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সাংবাদিকদের কাছে পাঠিয়ে সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান।

এর কয়েকদিন আগে মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও একই কৌশলে টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশে প্রতারণার চেষ্টা চলছে। এ ধরনের অভিযোগ তিনি পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে মির্জাপুর উপজেলাসহ দেশ-বিদেশে বসবাসকারী সকলকে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন। পুলিশের নাম ভাঙিয়ে কেউ টাকা-পয়সা লেনদেন করতে বললে সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ জানান।

BBS cable ad