ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে সমাজের সবক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
রোববার বিকেলে আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান তাঁর কর্মজীবনের প্রতিটি পর্যায়ে ন্যায্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ন্যায্যতা নিশ্চিত করা গেলে সেটিই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
তিনি আরও বলেন, একটি কার্যকর ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য যথাসময়ে এবং পক্ষপাতমুক্তভাবে প্রদান নিশ্চিত করতে হবে। জিয়াউর রহমানের সততা, সময়নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্ব বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন। স্বাক্ষরতা কর্মসূচি ও নৈশ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জিয়াউর রহমান শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন বক্তব্য দেন। এছাড়া ইউজিসির সদস্য, সচিব, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।


