ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান-কার্তুজসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান র্যাব ১১ এর কর্মকর্তা অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
শনিবার রাত ১০টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. পলাশ হোসেন আকাশ (৩২)।
তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া (শিবু মার্কেট) এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানির একটি আভিযানিক দল সস্তাপুর এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদ পায়, এক ব্যক্তি লুণ্ঠনকৃত অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছেন।
তাৎক্ষণিক অভিযানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে থানা থেকে লুট হওয়া শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-১১ এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


